পর্দায় গ্ল্যামারাস উপস্থিতির জন্য পরিচিত দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে ব্যক্তিজীবনে তিনি একেবারেই মাটির কাছাকাছি। অভিনয়ের ব্যস্ততার মাঝেও নিজের বাড়ির বাগানে নিয়মিত ফল-সবজি ও বিভিন্ন গাছের পরিচর্যা করেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সেই সহজ-সরল জীবনযাপনেরই ঝলক দেখা গেছে।
ভিডিওতে দেখা যায়, খালি পায়ে বাগানে নেমে নিজের হাতে কোদাল দিয়ে মাটি কুপাচ্ছেন জয়া। এক সহযোগীর সঙ্গে গোবর সার মিশিয়ে গাছ লাগানোর জন্য জমি প্রস্তুত করছেন। শুধু তাই নয়, হাসিমুখে নিজের বাগানের জবা, ঘুমন্ত জবাসহ বিভিন্ন গাছের পরিচয়ও করিয়ে দেন অনুরাগীদের।
ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী। অনেকেই তাকে ‘মাটির মানুষ’ বলে আখ্যা দিয়েছেন। কেউ লিখেছেন, নিয়মিত এমন কায়িক পরিশ্রমই তার তারুণ্য, ফিটনেস ও প্রাণবন্ত থাকার অন্যতম রহস্য।
জয়ার জন্য অবশ্য কৃষিকাজ নতুন কিছু নয়। এর আগেও ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ঘণ্টার পর ঘণ্টা জিমে সময় কাটানোর চেয়ে দৈনন্দিন কায়িক শ্রমেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। প্রয়োজন হলে পিলাটিজ বা অন্যান্য শরীরচর্চা করলেও, নিজের বাগানে কাজ করাকেই তিনি সবচেয়ে কার্যকর ব্যায়াম মনে করেন।
এদিকে জয়ার নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’ মুক্তির পর কলকাতাসহ ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের ইতিবাচক সাড়া পাচ্ছে। সিনেমাটির একাধিক প্রদর্শনী হাউসফুল হওয়ার খবরও পাওয়া গেছে।
পর্দার তারকা হলেও বাস্তব জীবনে প্রকৃতিপ্রেমী ও পরিশ্রমী এই রূপেই আবারও অনুরাগীদের মন জয় করেছেন জয়া আহসান।