২৪ বছর আগে মৃত্যুর পর স্বামীকে যে কবরস্থানে দাফন করা হয়েছিল, দীর্ঘ সময় পর একই কবরেই স্ত্রীকে সমাহিত করার জন্য খননকাজ শুরু হয়। এ সময় মাটির নিচে স্বামীর মরদেহ প্রায় অক্ষত অবস্থায় পাওয়া গেলে উপস্থিত সবার মধ্যে বিস্ময় ছড়িয়ে পড়ে। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের উলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রমজান আলীর স্ত্রী মারা গেলে স্বামীর কবরের পাশে তার কবর খনন শুরু হয়। এ সময় কবর খননকারীরা মাটির নিচে রমজান আলীর মরদেহ কাফনে মোড়ানো অবস্থায় দেখতে পান বলে দাবি করেন। তাদের ভাষ্য, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মরদেহ ও কাফনের কাপড় প্রায় আগের অবস্থাতেই ছিল।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় ২৪ বছর আগে রমজান আলী মারা যান। জীবদ্দশায় তিনি একজন ধার্মিক, সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং চাল-আটার ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন।
উলুপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে কবরের ভেতরে কাফনে মোড়ানো মরদেহ দেখতে পান। পরে মরদেহটি যে অবস্থায় ছিল, সেভাবেই রেখে পাশেই তার স্ত্রীর দাফনের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়।
কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সারওয়ার আকবর বলেন, অনেক সময় পরিবেশ এবং ব্যাকটেরিয়ার ওপরে নির্ভর করে মরদেহ অক্ষত থাকতে পারে। তবে ময়নাতদন্ত করলে বিস্তারিত বলা যাবে।