দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দেশের দর্শকদের জন্য মুক্তি পাচ্ছে অভিনেত্রী নাজিফা তুষি অভিনীত বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘ANNiE’। আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়ানোর পর এবার বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম iScreen-এ সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে। খবরটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এই মিনিসিরিজের নামভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। এর আগে জার্মানির Seriencamp Festival-এর Women in Series বিভাগে নির্বাচিত হয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য নতুন এক মাইলফলক গড়ে সিরিজটি।
সম্প্রতি ইমপ্রেস টেলিফিল্ম ও iScreen-এর মধ্যে স্ট্রিমিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফারিদুর রেজা সাগর, নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ, প্রযোজক এহসানুল হক বাবুসহ সংশ্লিষ্টরা। তারা জানান, আন্তর্জাতিক প্রদর্শনের পর এবার দেশীয় দর্শকদের জন্য সিরিজটি মুক্তি দিতে পেরে তারা আনন্দিত।
প্রযোজকদের ভাষ্য, ‘ANNiE’ শুধু একটি বিনোদনমূলক সিরিজ নয়; গল্প বলার ধরন, নির্মাণশৈলী ও অভিনয়ের মাধ্যমে দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা নিয়ে আসবে। সিরিজটিতে নাজিফা তুষির পাশাপাশি অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠুসহ আরও অনেকে।
উল্লেখ্য, ‘লাইভ ফ্রম ঢাকা’ এবং আন্তর্জাতিকভাবে প্রশংসিত ‘রেহানা মরিয়ম নূর’-এর পর আবদুল্লাহ মোহাম্মদ সাদের নতুন কাজ হিসেবে ‘ANNiE’ নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। ফলে ওটিটিতে মুক্তির খবরটি ইতোমধ্যেই দেশের বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।