পর্দার প্রেমেই দর্শকের মন জয় করেছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী ও অভিনেতা পার্থ শেখ। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত নাটক ‘অমর প্রেম’-এ তাদের রসায়ন দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নাটকটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
নাটকটি দেখে পার্থ শেখের অভিনয়ের প্রশংসা করেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। নিজের ফেসবুক পোস্টে পার্থর একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “পর্দা খুঁজে পেল আরও একজন তারকাকে। অভিনন্দন, ছোট ভাই! তোমার জন্য রইল অফুরন্ত সাফল্য, ভালোবাসা আর প্রাপ্য সব করতালি।”
শুধু তৌসিফই নন, অভিনেতা ফারহান আহমেদ জোভানও পার্থকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি নতুন এই জুটির জন্য শুভকামনা জানিয়েছেন নির্মাতা ইমরাউল রাফাত, জাকারিয়া সৌখিন, রাফাত মজুমদার রিংকু, ইমরোজ শাওন, হাসিব হোসেন রাখি, রিফাত আদনান প্রত্যয়, মাসরিকুল আলম, ফারুক আহমেদ রেহান, সেলিম রেজা, আরমান আহমেদ প্রত্যয়সহ আরও অনেকে।
উল্লেখ্য, ব্যক্তিগত কারণে প্রায় সাত মাস অভিনয় থেকে দূরে ছিলেন পার্থ শেখ। সেই বিরতির পর পরিচালক জাহিদুল ইসলাম সুজনের ‘অমর প্রেম’ নাটকের মাধ্যমে আবারও পর্দায় ফিরেছেন তিনি। দ্বিতীয় ইনিংসের শুরুতেই দর্শকের ইতিবাচক সাড়া পাচ্ছেন এই অভিনেতা।
সিএমভি প্রযোজিত নাটকটি গত ২৬ জুলাই ইউটিউবে মুক্তি পায়। তটিনী ও পার্থ শেখ ছাড়াও নাটকে অভিনয় করেছেন দিলারা জামান, শতাব্দী ওয়াদুদ, লুৎফর রহমান জর্জ ও রাশেদ মামুন অপুসহ আরও অনেকে। নাটকটির দুটি গানে কণ্ঠ দিয়েছেন কনা ও রেহান রাসূল। সুর ও সংগীত পরিচালনা করেছেন শাহরিয়ার মার্সেল। গানের কথা লিখেছেন লুৎফর হাসান ও মাহবুব রহমান।