
সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরে সাবিলা নূর বলেন, ক্যামেরা চালু হওয়ার পর তারা আর ব্যক্তিগত পরিচয়ে থাকেন না, বরং নিজেদের চরিত্রেই পুরোপুরি মিশে যান। তার ভাষায়, ‘ক্যামেরা রোল হওয়ার পর উনি আর শাকিব খান থাকেন না, আমিও সাবিলা নূর থাকি না। তখন উনি ‘আগুন’, আমি ‘মীরা’। চরিত্রটাই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই কোনো দ্বিধা বা অস্বস্তি কাজ করেনি।’
শুধু অভিনয়ের পরিবেশ নয়, শাকিব খানের পেশাদারিত্বেরও প্রশংসা করেন সাবিলা। তিনি জানান, প্রতিটি দৃশ্যের শুটিং শেষে শাকিব নিজের অভিনয় মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেন এবং কোথায় আরও উন্নতি করা যায়, তা নিয়ে আলোচনা করেন। সাবিলার মতে, একজন অভিনেতা হিসেবে শাকিবের এই আত্মসমালোচনার মানসিকতা তাকে অনুপ্রাণিত করেছে।
এ ছাড়া ‘রকস্টার’ সিনেমার মালয়েশিয়া শুটিংয়ের অভিজ্ঞতাও তুলে ধরেন এই অভিনেত্রী। তার দাবি, অল্প কয়েক দিনের মধ্যেই চরিত্রের প্রয়োজনে শাকিব খানের নিজেকে বদলে ফেলার সক্ষমতা তাকে বিস্মিত করেছে।
উল্লেখ্য, আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় শাকিব খান ও সাবিলা নূরের পাশাপাশি অভিনয় করেছেন দিলারা জামান, তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, পান্থ কানাই ও তারিক আনাম খান। চলতি বছরের ২৮ মে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শকদের মধ্যে আলোচনায় আসে।