দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ৩৩ বছর বয়সী দেইসি আলেজান্দ্রা ওমানা অর্টিজ। একসময় সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করলেও পরে প্রাপ্তবয়স্কদের বিনোদনশিল্পে কাজ করে পরিচিতি পান। সেই পরিচয় পেছনে ফেলে এবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে জায়গা করে নিয়েছেন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বামপন্থী রাজনৈতিক জোট হিস্টোরিক প্যাক্ট ফর কলম্বিয়া–এর প্রার্থী হিসেবে নর্তে দে সান্তান্দার অঞ্চল থেকে নির্বাচিত হওয়ার পর সম্প্রতি রাজধানী বোগোতায় সিনেটর হিসেবে শপথ নেন দেইসি।
দেইসি ২০১৭ সালে সাংবাদিকতা ছেড়ে প্রাপ্তবয়স্কদের বিনোদনশিল্পে যোগ দেন। সেখানে তিনি ‘আমারান্তা হাঙ্ক’ নামে পরিচিত ছিলেন। কয়েক বছর পর সেই অঙ্গন ছেড়ে রাজনীতিতে সক্রিয় হন এবং সামাজিক অধিকার ও শ্রমিক সুরক্ষার বিভিন্ন ইস্যু নিয়ে কাজ শুরু করেন।
নির্বাচনী প্রচারণায় দেইসি বলেন, প্রাপ্তবয়স্কদের বিনোদনশিল্পে কর্মরত ব্যক্তিদের দীর্ঘদিন ধরে বৈষম্য, শোষণ ও আইনি সুরক্ষার অভাবের মুখোমুখি হতে হয়েছে। তাঁর মতে, এ খাতের কর্মীদেরও শ্রমিক হিসেবে অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।
সমালোচনার মুখেও নিজের অবস্থানে অনড় ছিলেন দেইসি। প্রাপ্তবয়স্কদের বিনোদনশিল্পে কাজ করেছেন—এ কারণে কেউ জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখতে পারবেন না, এমন ধারণা তিনি প্রত্যাখ্যান করেন। তাঁর ভাষায়, অতীত পেশার ভিত্তিতে কাউকে রাজনীতি থেকে দূরে রাখার মানসিকতা গণতান্ত্রিক নয়।
দেইসি আরও বলেন, তাঁর জীবনের অভিজ্ঞতা তাঁকে বৈষম্য, স্বাধীনতার প্রশ্ন এবং প্রান্তিক মানুষের বাস্তবতা বুঝতে সাহায্য করেছে। সেই অভিজ্ঞতাই তিনি পার্লামেন্টে কাজে লাগাতে চান।
বর্তমানে মানসম্মত মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, যৌন সহিংসতা প্রতিরোধ এবং প্রাপ্তবয়স্কদের বিনোদনশিল্পে কর্মরত ব্যক্তিদের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবিতে কাজ করছেন এই নবনির্বাচিত সিনেটর।