ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে মোট ৬ জন পুলিশ পরিদর্শককে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, ক্যান্টনমেন্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াসিন মিয়াকে রমনা থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিবি সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আজহারুল ইসলামকে কামরাঙ্গীরচর থানার ওসি এবং একই বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলামকে শ্যামপুর থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে, রমনা থানার বর্তমান ওসি মো. রাহাত খানকে ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালিসিস বিভাগে, কামরাঙ্গীরচর থানার ওসি গোলাম ফারুককে ডিবি সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগে এবং শ্যামপুর থানার ওসি মো. মাহমুদুর রহমানকে ডিএমপির কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এই বদলির আদেশ জারি করা হয়েছে।