হবিগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা বাস্তবায়নে তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর সদস্যরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংঘাতপ্রবণ এলাকায় দায়িত্ব পালন করছেন।
জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ১৪৪ ধারা কার্যকরভাবে বাস্তবায়নে বিজিবি ড্রোনের মাধ্যমে মাইকিং করছে। এতে সাধারণ মানুষকে আইন মেনে চলা, নিষিদ্ধ এলাকায় বা অনুমতি ছাড়া কোনো ধরনের সমাবেশে অংশ না নেওয়া এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে।
এ ছাড়া জেলার বিভিন্ন স্পর্শকাতর এলাকায় বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে টহল ও দায়িত্ব পালন করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জেলা প্রশাসন সবাইকে ১৪৪ ধারার নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।