আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে একাধিক দাবি তুলে ধরেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৈঠকে এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বহাল রাখা, ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব সামসুল আলমের নিয়োগ বাতিল এবং স্থানীয় সরকারে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া প্রশাসকদের নির্বাচনে অযোগ্য ঘোষণাসহ বিভিন্ন বিষয় তুলে ধরে দলটি।
বুধবার (২৯ জুলাই) নির্বাচন ভবনে প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে গত ৩০ জুন দেওয়া সাত দফা প্রস্তাবের পাশাপাশি এবার আরও দুটি নতুন প্রস্তাব কমিশনের কাছে জমা দিয়েছে জামায়াত।
বৈঠকে দলটি চারটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে বলে জানান গোলাম পরওয়ার। এর মধ্যে রয়েছে—ইসি সচিবালয়ে অতিরিক্ত সচিব হিসেবে সামসুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ বজায় রাখা, স্থানীয় সরকারে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া প্রশাসকদের নির্বাচনে অযোগ্য ঘোষণা এবং নিষিদ্ধ রাজনৈতিক দলের পদধারীদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না দেওয়ার দাবি।
এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রীর ভিন্ন ভিন্ন বক্তব্যের সমালোচনা করে নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানায় জামায়াত। পাশাপাশি সুপ্রিম কোর্টের রায় ঘোষণার দিন চট্টগ্রাম-২ আসনের গেজেট প্রকাশের ঘটনাও বৈঠকে তুলে ধরে দলটি।
তবে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সদস্যপদ নিয়ে এদিনের বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।