যশোরের ঝিকরগাছা ও চৌগাছা নিয়ে গঠিত যশোর-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গোলাম রসুলের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় একটি মাদরাসাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী তার বাসভবনে হামলা চালায়। পরে ফেসবুক লাইভে এসে এমপি গোলাম রসুল তার মেয়ের মানসিক অসুস্থতার কথা উল্লেখ করে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, যশোর শহরের নীলগঞ্জ এলাকায় অবস্থিত এমপি গোলাম রসুলের বাসভবনের সামনে ‘আল মাদ্রাসাতুশ শারইয়াহ’ ও একটি মসজিদ রয়েছে। মাদরাসায় যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে এমপির পরিবারের সঙ্গে মাদরাসা কর্তৃপক্ষের বিরোধ চলছিল।
এর ধারাবাহিকতায় সোমবার (২৭ জুলাই) এমপির মেয়ে অনন্যা কয়েকজন শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়েছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ওই দিন পুলিশের মধ্যস্থতায় একটি সমঝোতা হয়।
তবে মঙ্গলবার সকালে এমপি গোলাম রসুল ও তার মেয়ে আবারও মাদরাসায় গেলে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে নতুন করে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অনন্যা স্থানীয় এক নারীকে আঘাত করেন এবং আরেক অভিভাবকের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা এমপির বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এমপি ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে।
ঘটনার পর ফেসবুক লাইভে এসে গোলাম রসুল বলেন, তার মেয়ে মানসিকভাবে অসুস্থ এবং ভারতের হায়দরাবাদসহ দেশের বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য তিনি গভীর দুঃখ প্রকাশ করেন এবং দেশবাসীর কাছে ক্ষমা চান। একই সঙ্গে তিনি জানান, তারা সবার সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংসদ সদস্য ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে। তবে ফেসবুক লাইভে দেওয়া বক্তব্য সম্পর্কে পুলিশের কাছে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য ছিল না।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।