মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার আওয়াবিন মিয়া এবং বরিশালের বিমানবন্দর থানার সাগর মুন্সি।
মামলার বিবরণে জানা যায়, সিংগাইর উপজেলার ফোর্ডনগর গ্রামের নবম শ্রেণির ছাত্র সোহান মিয়া করোনা মহামারির সময় পরিবারের কেনা ব্যাটারিচালিত হ্যালোবাইক চালিয়ে পরিবারের আর্থিক সহযোগিতা করতেন।
২০২১ সালের ১৯ জুলাই সকালে হ্যালোবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরে খাসের চর বাজার থেকে ধল্লা বাজারগামী সড়কের পাশে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত হ্যালোবাইক ও মোবাইল ফোনটি পাওয়া যায়নি।
ঘটনার দিনই নিহতের মা লাইলী বেগম সিংগাইর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জুলাই পুলিশ তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দুই আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেন।