খুলনার পাইকগাছা উপজেলার ২৪ নম্বর মটবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকটের কারণে খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান চলছে। বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুত নতুন শ্রেণিকক্ষ নির্মাণ বা বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিভাবক ও স্থানীয়রা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রায় ৩০০ শিক্ষার্থীর জন্য বর্তমানে মাত্র পাঁচটি শ্রেণিকক্ষ রয়েছে। ফলে এক শিফটে সব শ্রেণির পাঠদান সম্ভব না হওয়ায় নতুন ভবনের খোলা ছাদের নিচে তাবু টানিয়ে অতিরিক্ত শ্রেণির ক্লাস নিতে হচ্ছে। তবে বৃষ্টি শুরু হলেই তাবুর ভেতরে পানি ঢুকে পড়ে, অনেক সময় শিক্ষার্থীদের বই-খাতা ভিজে যায় এবং পাঠদান ব্যাহত হয়।
একাধিক শিক্ষার্থী জানায়, বর্ষাকালে প্রায়ই ক্লাস বন্ধ রাখতে হয়। এতে নিয়মিত পাঠ গ্রহণে বিঘ্ন ঘটে এবং অনেক শিক্ষার্থীর স্কুলে আসার আগ্রহও কমে যাচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুষমা রানী মণ্ডল বলেন, শ্রেণিকক্ষ সংকটের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে শিক্ষার্থীরা স্বাভাবিক পরিবেশে পাঠ গ্রহণের সুযোগ পাবে।
অভিভাবকদের অভিযোগ, বৃষ্টির সময় সন্তানদের বই-খাতা ভিজে যায় এবং তারা অসুস্থ হওয়ার ঝুঁকিতে থাকে। এ কারণে অনেক শিশু বর্ষা মৌসুমে স্কুলে যেতে চায় না। তারা দ্রুত নতুন শ্রেণিকক্ষ নির্মাণ বা বিদ্যালয়ের অবকাঠামো সম্প্রসারণের দাবি জানান।
স্থানীয়দের মতে, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের পরিবেশে পাঠদান শিক্ষার মান ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় দেবনাথ বলেন, বিষয়টি পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আপাতত একটি অতিরিক্ত শ্রেণিকক্ষের ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ চেষ্টা করছে। স্থায়ী সমাধানের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।