জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (২৭ জুলাই) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেন।
ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ঐতিহাসিক ঘটনাগুলোর স্মৃতি সংরক্ষণ, অংশীজনদের অবদানের স্বীকৃতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ আন্দোলন ও বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৮ ও ২৯ জুলাই জুলাই-আগস্টের সব শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর ইউনিটের নেতাকর্মীরা শহীদের কবর জিয়ারত করবেন।
একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সরকার ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।