ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে একাধিক দফা আলোচনার পর দীর্ঘদিনের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সরকারের ওপর আস্থা রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।
শনিবার (২৫ জুলাই) নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, আন্দোলনকারীদের উত্থাপিত দাবিগুলো বিবেচনায় নিতে কেন্দ্র সম্মত হওয়ায় তারা আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা জানান, আন্দোলনে অংশ নেওয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। এছাড়া নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের পরিমাণও শিগগির নির্ধারণ করা হবে বলে তিনি জানান।
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত পদত্যাগপত্রে তিনি লেখেন, গত ১০ দিনের ঘটনাপ্রবাহে তিনি গভীরভাবে মর্মাহত এবং দেশের ঐক্যের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে সিজেপি লিখেছে, ‘তেলাপোকা জিতেছে, গণতন্ত্র জিতেছে।’ দলটির সমর্থকেরা নয়াদিল্লির যন্তর মন্তরে উল্লাসও করেন।
এর মাধ্যমে টানা আন্দোলনের আপাত সমাপ্তি ঘটলেও আন্দোলনকারীদের বাকি দাবিগুলোর বাস্তবায়ন কীভাবে হবে, সেদিকে এখন নজর থাকবে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।