যুক্তরাষ্ট্রে চিকিৎসার উদ্দেশ্যে ভিসা নিতে আগ্রহী আবেদনকারীদের জন্য নতুন কিছু নির্দেশনা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
শনিবার (২৫ জুলাই) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এসব নির্দেশনা জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, একজন ‘বি-২ ভিসা’ আবেদনকারীকে চিকিৎসার প্রয়োজনীয়তা, সংশ্লিষ্ট সব খরচ এবং যুক্তরাষ্ট্রে যাতায়াতের ব্যয় বহনের সক্ষমতার প্রমাণ দেখাতে হবে।
মার্কিন দূতাবাস জানায়, কনস্যুলার কর্মকর্তারা প্রতিটি ভিসা আবেদন আলাদাভাবে পর্যালোচনা করেন। এ সময় তারা নিশ্চিত হন যে, আবেদনকারী যুক্তরাষ্ট্রে যে উদ্দেশ্যে যেতে চান, তার কারণে যেন মার্কিন করদাতাদের ওপর কোনো ধরনের আর্থিক চাপ তৈরি না হয়।
দূতাবাসের নির্দেশনা অনুযায়ী, মেডিক্যাল ভিসার আবেদনের ক্ষেত্রে চিকিৎসকের ব্যবস্থাপত্র এবং কেন যুক্তরাষ্ট্রে চিকিৎসা নেওয়া প্রয়োজন, তার বিস্তারিত তথ্য দিতে হবে। পাশাপাশি একজন মার্কিন চিকিৎসকের সম্মতিপত্র প্রয়োজন হবে, যেখানে চিকিৎসার সম্ভাব্য সময়সীমা ও ব্যয়ের ধারণা উল্লেখ থাকবে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থানকালে চিকিৎসা ব্যয়, যাতায়াত খরচ এবং জীবনযাপনের প্রয়োজনীয় খরচ বহনের আর্থিক সক্ষমতার প্রমাণও আবেদনকারীকে জমা দিতে হবে।