বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে। তিনি বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।
অধ্যাপক ড. শরীফুল ইসলাম ১৯৯৭ সালে বুয়েটের পুরকৌশল বিভাগ থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে একই বছর প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে বিভিন্ন পদোন্নতির মাধ্যমে ২০১৩ সালে অধ্যাপক হন। বর্তমানে তিনি বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ)-এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
উচ্চশিক্ষার জন্য তিনি জাপানের সাইতামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং সেখানে পোস্টডক্টরাল গবেষণাও সম্পন্ন করেন। গবেষণায় তাঁর আগ্রহের ক্ষেত্রের মধ্যে রয়েছে বায়োইঞ্জিনিয়ারিং, জলবায়ু-সহনশীল অবকাঠামো, দুর্যোগ-সহনশীল আবাসন এবং সবুজ নির্মাণ প্রযুক্তি। তাঁর উদ্ভাবিত ভেটিভার-ভিত্তিক বায়োইঞ্জিনিয়ারিং প্রযুক্তি বাংলাদেশসহ বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে।
অধ্যাপক শরীফুল ইসলামের প্রকাশিত গবেষণা প্রবন্ধ, বই ও নকশা নির্দেশিকার সংখ্যা ১৯০টির বেশি। গবেষণা ও একাডেমিক অবদানের জন্য তিনি দেশি-বিদেশি মিলিয়ে ২৯টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। এছাড়া তিনি ৯০টিরও বেশি এমএস ও পিএইচডি গবেষণার তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।