চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট সংলগ্ন সমুদ্রে তলা ফেটে ডুবতে শুরু করা একটি বাল্কহেড থেকে চারজন ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক যৌথ উদ্ধার অভিযান চালিয়ে তাদের নিরাপদে উদ্ধার করা হয়।
চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট সংলগ্ন সমুদ্রে ডুবে যাওয়া একটি বাল্কহেড থেকে চারজন ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (২২ জুলাই) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার সকাল ১১টার দিকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট সংলগ্ন সমুদ্রে একটি বাল্কহেডের তলা ফেটে পানি প্রবেশ করলে সেটি চারজন ক্রুসহ ডুবতে শুরু করে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে কোস্ট গার্ড দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।
তিনি আরও জানান, বিসিজি স্টেশন সন্দ্বীপ, কুমিরা ঘাটের সার্ভিস বোট এবং গুপ্তছড়া ঘাটে উপস্থিত বাল্কহেড মালিকপক্ষের সমন্বয়ে একটি যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। সম্মিলিত প্রচেষ্টায় ডুবে যাওয়া বাল্কহেড থেকে চারজন ক্রুকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধারের পর কোস্ট গার্ড সদস্যরা আহতদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করেন। পরে তাদের নিরাপদে বাল্কহেডের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের সমুদ্র উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ কোস্ট গার্ড সবসময় প্রস্তুত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।