‘সময়ের প্রয়োজনে সংবিধান সংশোধন হতে পারে’

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সময়ের প্রয়োজনে বিভিন্ন সময়ে দেশের সংবিধান সংশোধন হয়েছে। জাতীয়

2026-07-22T18:00:14+00:00
2026-07-22T18:00:14+00:00
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
রাজনীতি
‘সময়ের প্রয়োজনে সংবিধান সংশোধন হতে পারে’
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬:০০ পিএম 
গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় পার্টির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখছে ইসলাম মাহমুদ। ছবি ভোরের ডাক
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সময়ের প্রয়োজনে বিভিন্ন সময়ে দেশের সংবিধান সংশোধন হয়েছে। জাতীয় পার্টির শাসনামলেও সংবিধান সংশোধন করা হয়েছে। প্রয়োজন হলে বর্তমান সময়েও সংবিধান সংশোধন হতে পারে। তবে তা হতে হবে দেশের স্বার্থ, গণতন্ত্রের বিকাশ এবং জনগণের প্রত্যাশার আলোকে।

বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় পার্টির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, সংবিধান একটি চলমান দলিল। সময়, রাষ্ট্র ও জনগণের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বের বিভিন্ন দেশেই সংবিধান সংশোধনের নজির রয়েছে। বাংলাদেশেও অতীতে বিভিন্ন সময়ে সংবিধান সংশোধন হয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজন দেখা দিলে তা হতে পারে।

তিনি বলেন, বাংলাদেশের জন্য প্রাদেশিক সরকার ব্যবস্থা এবং বিচারব্যবস্থার বিকেন্দ্রীকরণ প্রয়োজন। একই সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের বিষয়েও গুরুত্ব দিয়ে ভাবার সময় এসেছে।

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করতে নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করতে হবে। বিশেষ করে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন যেন অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন-সংক্রান্ত আইন সংশোধনের যে সুপারিশ করেছে, তাকে জাতীয় পার্টি স্বাগত জানায়। এই সুপারিশে নির্বাচনকে আরও অংশগ্রহণমূলক করার আন্তরিকতার প্রতিফলন দেখা যায়।

তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনই গণতন্ত্রকে শক্তিশালী করে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করে। এ ক্ষেত্রে নির্বাচন-সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

সভায় সভাপতির বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি হলো সুশাসন, আইনের শাসন এবং জনগণের অধিকার নিশ্চিত করা। দেশের বর্তমান বাস্তবতায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও শক্তিশালী করতে হবে। মতের ভিন্নতা থাকলেও রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সংলাপের সংস্কৃতির কোনো বিকল্প নেই। সরকারকে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে প্রতিটি নাগরিক সমান আইনি সুরক্ষা ও ন্যায়বিচার পাবেন।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা একটি জবাবদিহিমূলক, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক রাষ্ট্রব্যবস্থা—যে রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার কথা প্রধানমন্ত্রী তারেক রহমান বারবার বলে আসছেন। আমরা সেই প্রত্যাশার বাস্তব প্রতিফলন দেখতে চাই। কারণ, গণতন্ত্র তখনই অর্থবহ হয়, যখন আইনের শাসন কার্যকর থাকে এবং রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে।

রুহুল আমিন হাওলাদার বলেন, হামে প্রায় ৮০০ শিশু মারা গেছে। এ ঘটনায় এখনো দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি, যা গভীর উদ্বেগের বিষয়। একটি সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে এমন ঘটনার নিরপেক্ষ, দ্রুত ও স্বচ্ছ তদন্ত হওয়া জরুরি। প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকলে জনগণের ন্যায়বিচারের প্রতি আস্থা ক্ষুণ্ন হবে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, সুশাসন নিশ্চিত করতে এবং আইনের শাসন সুসংহত করতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে জনগণের জানমাল ও সাংবিধানিক অধিকার রক্ষায় রাষ্ট্রকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা ও মোস্তাক আল মাহমুদ, চেয়ারম্যানের বিশেষ সহকারী নাসরিন জাহান রতনা, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মাওলা, প্রেসিডিয়াম সদস্য সরদার শাহজাহান, মো. বেলাল হোসেন, জাহাঙ্গীর হোসেন মানিক, আমানত হোসেন আমানত ও জাহাঙ্গীর আলম পাঠান, ভাইস চেয়ারম্যান ডা. সেলিমা খান, যুগ্ম মহাসচিব এস এম আল জুবায়ের, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, তাসলিমা আকবর রুনা, আব্দুস সাত্তার, সৈয়দ সিরাজুল আরেফিন মাসুম, জিয়া উর রহমান বিপুল, জহির উদ্দিন এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাজমুল খান।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: