এলপিএল ছেড়ে অস্ট্রেলিয়া টেস্টে নজর তাসকিনের

ক্রীড়া ডেস্ক

খেলা

জিম্বাবুয়ে সফর শেষে শ্রীলঙ্কা লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বাংলাদেশ জাতীয়

2026-07-22T16:16:37+00:00
2026-07-22T16:16:37+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
খেলা
এলপিএল ছেড়ে অস্ট্রেলিয়া টেস্টে নজর তাসকিনের
ক্রীড়া ডেস্ক
বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৪:১৬ পিএম 
সংগৃহীত ছবি
জিম্বাবুয়ে সফর শেষে শ্রীলঙ্কা লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। জাফনা কিংসের হয়ে মাঠে নামার কথা থাকলেও আসন্ন অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে পূর্ণ প্রস্তুতি ও ফিটনেস নিশ্চিত করতেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আগেই এলপিএলে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছিলেন তাসকিন। পরিকল্পনা ছিল জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই শ্রীলঙ্কায় যোগ দেওয়ার। তবে মুস্তাফিজুর রহমান চোটে পড়ায় তাকে টি-টোয়েন্টি দলে রেখে দেয় টিম ম্যানেজমেন্ট। সিরিজ শেষে এলপিএলে যাওয়ার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত তা আর হচ্ছে না।

বিসিবির ক্রিকেট অপারেশনের ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছেন, এলপিএলে অংশ নেওয়ার অনুমতি আগেই দেওয়া হয়েছিল। তবে পরিস্থিতি বিবেচনায় তাসকিন নিজেই দেশে ফিরে বিশ্রাম নিয়ে লাল বলের ক্রিকেটের প্রস্তুতিতে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

নাফীস বলেন, জিম্বাবুয়ে সফর শেষে এলপিএলে যাওয়ার জন্য তাসকিনের এনওসি কার্যকর ছিল। কিন্তু মুস্তাফিজ চোটে পড়ায় তাকে টি-টোয়েন্টি সিরিজেও রাখা হয়। এখন সে মনে করেছে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চেয়ে দেশে ফিরে কয়েক দিন বিশ্রাম নিয়ে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি নেওয়াই ভালো। বাংলাদেশের জন্য এই টেস্ট সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। তার সিদ্ধান্তকে আমরা ইতিবাচকভাবেই দেখছি।

আগামী মাসের শুরুতেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল। ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে প্রথম টেস্ট এবং ২২ আগস্ট ম্যাকাইয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ, যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

আগামী সপ্তাহের শুরুতেই এই সফরের জন্য বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করতে পারে বিসিবির নির্বাচকরা। পেস আক্রমণের অন্যতম ভরসা তাসকিনকে সেই দলে রাখা হবে বলেই ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টে না খেললেও সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ছয় উইকেট নিয়ে নিজের ফর্মের প্রমাণ দিয়েছেন তাসকিন। অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে বাংলাদেশের সাফল্যের অন্যতম চাবিকাঠি হতে পারেন এই ডানহাতি পেসার।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: