ফুটবল বিশ্বকাপে প্রিয় দল আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়ে পুরো আসরজুড়ে সরব ছিলেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। দলের প্রতিটি জয় যেমন উদ্যাপন করেছেন, তেমনি ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পরও নিজের অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
ফাইনালের পর মজার ছলে এক পোস্টে পরীমনি লিখেছিলেন, ‘বিয়েটা আর করতে হলো না, এই আরকি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’ তার এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এরপর বুধবার (২২ জুলাই) আবারও আর্জেন্টিনা প্রসঙ্গে একটি মজার পোস্ট দেন এই অভিনেত্রী। নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘ফাইনালডাও বাতিল কইরা দে ভাই।’
পোস্টের সঙ্গে একটি ছবিও শেয়ার করেন পরীমনি, যেখানে লেখা ছিল— ‘পারেদেসের লাল কার্ড ‘বাতিল’ করলো ফিফা।’ মূলত ওই খবরকে ঘিরেই রসিকতার ছলে বিশ্বকাপ ফাইনাল বাতিলের কথা বলেন তিনি।
বিশ্বকাপের পুরো সময়জুড়েই আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন পরীমনি। কখনো আকাশি-সাদা জার্সি পরে ভিডিও শেয়ার করেছেন, আবার কখনো আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
এর আগে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে দেওয়া পরীমনির একটি পোস্টও ব্যাপক আলোচনায় আসে। সেখানে তিনি মজা করে লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’
পরীমনির সেই মন্তব্যও দ্রুত ভাইরাল হয়েছিল। তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনা শিরোপা জিততে না পারায় তার সেই ‘বিয়ের পরিকল্পনা’ বাস্তবায়িত হয়নি।
বিশ্বকাপ ফাইনালের পর পরীমনির নতুন পোস্টও ভক্তদের মধ্যে নতুন করে হাস্যরসের সৃষ্টি করেছে।