বিশ্বকাপের পর্দা নামতেই ফুটবলপ্রেমীদের নজর এবার ইউরোপের ক্লাব ফুটবলে। প্রাক্-মৌসুম প্রস্তুতি, জমজমাট দলবদল এবং নতুন মৌসুমের উত্তেজনা নিয়ে আগামী আগস্ট থেকেই মাঠে ফিরছে ইউরোপের শীর্ষ লিগগুলো। ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি ‘আ’, লিগ আঁ ও বুন্দেসলিগার পাশাপাশি মৌসুমের শুরুতেই অনুষ্ঠিত হবে কমিউনিটি শিল্ড, জার্মান সুপার কাপ এবং উয়েফা সুপার কাপ।
উয়েফা সুপার কাপ দিয়ে নতুন মৌসুমের সূচনা
নতুন ইউরোপীয় মৌসুমের প্রথম বড় ট্রফি নির্ধারণ হবে উয়েফা সুপার কাপে। আগামী ১২ আগস্ট ২০২৬ চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজি এবং ইউরোপা লিগজয়ী অ্যাস্টন ভিলা শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে। এই ম্যাচ দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইউরোপীয় ক্লাব ফুটবলের নতুন মৌসুম।
কমিউনিটি শিল্ড
ইংল্যান্ডে নতুন মৌসুমের প্রথম ট্রফির লড়াই অনুষ্ঠিত হবে ১৬ আগস্ট রাত ৮টায়। কমিউনিটি শিল্ডে মুখোমুখি হবে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি।
লা লিগা
স্পেনের শীর্ষ লিগ লা লিগার নতুন মৌসুম শুরু হবে ১৫ আগস্ট রাত ১১টা ৩০ মিনিটে। উদ্বোধনী ম্যাচে আলাভেসের প্রতিপক্ষ হবে হেতাফে।
ইংলিশ প্রিমিয়ার লিগ
বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল লিগ ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হবে ২১ আগস্ট। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল খেলবে চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে ওঠা কভেন্ট্রি সিটির বিপক্ষে।
লিগ আঁ
ফ্রান্সের শীর্ষ লিগ লিগ আঁ-ও শুরু হবে ২১ আগস্ট। মৌসুমের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মার্সেই ও স্ট্রাসবুর্গ।
সিরি ‘আ’
ইতালির শীর্ষ লিগ সিরি ‘আ’-এর নতুন মৌসুমের পর্দা উঠবে ২২ আগস্ট রাত ১০টা ৩০ মিনিটে। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান খেলবে নবাগত মোনৎসার বিপক্ষে।
জার্মান সুপার কাপ ও বুন্দেসলিগা
জার্মান ফুটবলের মৌসুম শুরু হবে ২২ আগস্ট জার্মান সুপার কাপ দিয়ে। এই ম্যাচে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। এরপর ২৮ আগস্ট বায়ার্ন মিউনিখ ও স্টুটগার্টের ম্যাচ দিয়ে শুরু হবে বুন্দেসলিগার নতুন মৌসুম।
বিশ্বকাপের উত্তেজনা শেষ হলেও ফুটবলপ্রেমীদের অপেক্ষা বেশি দিনের নয়। আগস্টজুড়ে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও প্রাণ ফিরে পাবে বিশ্ব ফুটবল।