দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এতে ভরিপ্রতি ২২ ক্যারেটের স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ৭৪১ টাকা।
বুধবার (২২ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন এই দাম কার্যকর হবে সকাল ১০টা থেকে।
বাজুস জানিয়েছে, খাঁটি স্বর্ণ ও রুপার মূল্য বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে। তবে অলংকারের ডিজাইন ও কারুকাজভেদে মজুরি আলাদাভাবে যুক্ত হবে। রুপার অলংকারের ভ্যাট বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে বলেও বাজুসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
স্বর্ণের সঙ্গে সঙ্গে দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেট রুপার দাম ভরিপ্রতি ৪ হাজার ৭৮২ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৫৪৯ টাকা। ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৯০৭ টাকা, সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৯৭৪ টাকা।