চলতি জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২০৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায়, প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে যার পরিমাণ প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা।
বুধবার (২২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২১ জুলাই) এক দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৯৫৯ কোটি ৪০ লাখ টাকার সমান।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত বছরের জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৩ দশমিক ৫০ শতাংশ।
খাত সংশ্লিষ্টদের মতে, প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।