এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নাম, লোগো ও কর্মকর্তাদের পরিচয় অপব্যবহার করে ভুয়া ঋণের প্রস্তাব দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
রোববার (১৯ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি জানায়, তারা কখনো কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ, অনুদান, তহবিল বা অন্য কোনো ধরনের আর্থিক সহায়তা প্রদান করে না। একইভাবে আর্থিক সহায়তার বিনিময়ে ব্যক্তিগত আর্থিক তথ্য চাওয়া কিংবা মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো মাধ্যমে অর্থ জমা দেওয়ার অনুরোধও করা হয় না।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি প্রতারক চক্র এডিবি ও সংস্থাটির কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে নকল ওয়েবসাইট, ভুয়া ফেসবুক পেজ, পরিচয়পত্রসহ বিভিন্ন প্রতারণামূলক উপকরণ তৈরি করছে। এসব মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে এডিবির কোনো সম্পৃক্ততা নেই।
এডিবি জনসাধারণকে ভুয়া ঋণের প্রস্তাবে সাড়া না দেওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি এডিবির নামে কেউ ঋণ বা আর্থিক সহায়তার প্রস্তাব দিলে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী হিসেবে এডিবি স্বচ্ছতা ও জবাবদিহিমূলক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকার এবং বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করে। তাই এডিবির প্রতিনিধি পরিচয়ে ব্যক্তিগত পর্যায়ে ঋণ বা অর্থ সহায়তার প্রস্তাব দেওয়া হলে সেটিকে প্রতারণা হিসেবে বিবেচনা করতে হবে।
১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবির বর্তমানে ৬৯টি সদস্য দেশ রয়েছে। এর মধ্যে ৫০টি দেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের। সংস্থাটি এ অঞ্চলে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে।