দেশের গণমাধ্যমকর্মীদের বেসামরিক বিমান চলাচল ও এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে কারিগরি জ্ঞান সমৃদ্ধ করতে রাজধানীতে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। কর্মশালায় বিমানবন্দর পরিচালনা, বিমান নিরাপত্তা, যাত্রীসেবা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সোমবার (২০ জুলাই) রাজধানীর কুর্মিটোলায় সংস্থাটির সদর দপ্তরের অডিটোরিয়ামে ‘Civil Aviation & Air Traffic Operation’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে। বেবিচকের জনসংযোগ বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি বলেন, বেসামরিক বিমান চলাচল একটি বিশেষায়িত ও জনস্বার্থসংশ্লিষ্ট খাত। তাই এভিয়েশন বিষয়ে নির্ভুল, ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য বিষয়ভিত্তিক জ্ঞান ও সঠিক তথ্যের বিকল্প নেই।
তিনি আরও বলেন, কর্মশালার উদ্দেশ্য হলো বেবিচকের কার্যক্রম, বিমানবন্দর পরিচালনা, এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা, নিরাপত্তা, যাত্রীসেবা এবং এভিয়েশন খাতের বিভিন্ন কারিগরি বিষয়ে সাংবাদিকদের বাস্তবভিত্তিক ধারণা দেওয়া। ভবিষ্যতেও অপারেশন, নিরাপত্তা ও এভিয়েশনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এ ধরনের কর্মশালা আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।
কর্মশালায় বেবিচকের সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডোর আবু সাঈদ মেহবুব খান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যক্রম, বিমানবন্দর পরিচালনা, এয়ারসাইড ও ল্যান্ডসাইড অপারেশন, যাত্রীসেবা, নিরাপত্তা ব্যবস্থা এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) মানদণ্ড ও সুপারিশকৃত কার্যপদ্ধতি (SARPs) অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।
সদস্য (প্রশাসন) মোহাম্মদ লাবলুর রহমান হজযাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে বিমানবন্দরে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি জানান, এমবারকেশন ফি, যাত্রী নিরাপত্তা ফি ও এয়ারপোর্ট ডেভেলপমেন্ট ফি মওকুফ, জমজমের পানি বিতরণ, নামাজের পৃথক স্থান, বিশুদ্ধ পানীয় জল, ওয়াশরুম, হ্যান্ড স্যানিটাইজার, ট্রলি, চেয়ার, কিউ বেল্ট সরবরাহ, মশক নিধন এবং অবকাঠামোগত উন্নয়নসহ নানা পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে।
এ ছাড়া সদস্য (এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট) এয়ার কমোডোর মো. নূর-ই-আলম এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি), এয়ার ট্রাফিক ফ্লো ম্যানেজমেন্ট (এটিএফএম), রেডিও ও ন্যাভিগেশন এইডস, ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস), অ্যারোনটিক্যাল লাইটস, অবস্ট্যাকল লিমিটেশন সারফেস (ওএলএস), এয়ারফিল্ড পরিচালনা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।
কর্মশালার বিভিন্ন পর্বে অংশগ্রহণকারী সাংবাদিকরা বিমানবন্দর পরিচালনা, বিমান নিরাপত্তা, এয়ার ট্রাফিক অপারেশন, যাত্রীসেবা ও আন্তর্জাতিক মানদণ্ডসহ এভিয়েশন খাতের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। বেবিচক চেয়ারম্যান ও সংস্থাটির সদস্যরা এসব প্রশ্নের উত্তর দেন এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।