চলতি মৌসুমের আয়কর রিটার্ন অনলাইনে আজ থেকে দেওয়া যাবে। করসেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ ব্যক্তিশ্রেণির করদাতাদের ২০২৬-২৭ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে জমার সুবিধা চালু করেছে।
বুধবার (২২ জুলাই) এনবিআর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আরও জানানো হয়, কিছু ব্যতিক্রম ছাড়া সব করদাতার অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। গলবারও অনলাইনে রিটার্ন দেওয়া সবার জন্য বাধ্যতামূলক ছিল। এই রিটার্ন www.etaxnbr.gov.bd সিস্টেমে গিয়ে জমা দেওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালে অনলাইন রিটার্ন দাখিল পদ্ধতি চালুর পর হতে সিস্টেমটি করদাতাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে। বিগত ২০২৫-২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেন।
এনবিআরের এক বিশেষ আদেশ জারির মাধ্যমে সব স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ (পঁয়ষট্টি) বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে প্রতিনিধি অথবা বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকগণ অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার পরিবর্তে কাগুজে রিটার্ন দাখিল করতে পারবেন।
এ ছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনসংক্রান্ত সমস্যার কারণে অন্যান্য স্বাভাবিক ব্যক্তি করদাতারা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।
যেভাবে কর পরিশোধ করবেন
করদাতারা www.etaxnbr.gov.bd প্ল্যাটফর্মে ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য যেকোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন। সঠিক তথ্য দিয়ে রিটার্ন প্রস্তুত ও জমা দেওয়ার পর তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র এবং আয়কর সনদ সংগ্রহ করা যাবে।
করছাড়
২০২৬-২৭ করবর্ষ থেকে ব্যক্তিশ্রেণির করদাতারা জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে প্রদেয় করের ৫ শতাংশ অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর প্রণোদনা পাবেন। তবে সেপ্টেম্বরের পর জমা দেওয়া রিটার্নের ক্ষেত্রে এই প্রণোদনা প্রযোজ্য হবে না। আর ডিসেম্বরের পর রিটার্ন দাখিল করলে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।