
দেশের বাজারে টানা তিন দফা দাম কমার পর এবার সোনার মূল্য বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত বেড়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকেই আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও স্থানীয় বাজারের সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। আগের দিন বুধবার এই মানের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। অর্থাৎ এক ভরিতে দাম বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকায়।
অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা।
সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ২০৮ টাকা।
বাজুসের নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকেই দেশের জুয়েলারি বাজারে এসব দামে সোনা ও রুপার অলংকার বিক্রি হবে।