‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) নেতৃত্বে সংসদ অভিমুখে পদযাত্রার একদিন পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেওয়ার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন তারা। বিক্ষোভ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হয়।
সূত্রের বরাতে জানা গেছে, রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাতভর অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পুলিশ রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর পাশাপাশি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ কয়েকজন বিরোধী নেতাকে ঘটনাস্থল থেকে আটক করে।
এর আগে সোমবার মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসের তদন্ত এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হাজারো শিক্ষার্থী সংসদ অভিমুখে মিছিল করেন।
সিজেপির নেতৃত্বে আয়োজিত ওই বিক্ষোভে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।