ভোলার চরফ্যাশন উপজেলা পোস্ট অফিসের প্রায় ৪২ বছর পুরোনো ভবনটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ও ব্যবহারের অনুপযোগী হিসেবে চিহ্নিত। তবে বিকল্প ব্যবস্থা না থাকায় সেই ভবনেই চলছে ডাক বিভাগের সব ধরনের কার্যক্রম। টানা বর্ষণে ভবনের অবস্থা আরও নাজুক হয়ে পড়ায় কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণার্থী এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সরেজমিনে দেখা গেছে, ভবনের ছাদ ও আরসিসি বিমের বিভিন্ন অংশের পলেস্তারা খসে পড়ছে। বৃষ্টির পানি চুইয়ে দেয়াল ভিজে যাচ্ছে, বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে। জং ধরা রড বেরিয়ে এসেছে এবং দেয়াল বেয়ে পানি পড়ছে। স্থানীয়দের আশঙ্কা, যে কোনো সময় ভবনটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
জানা যায়, ১৯৮৪ সালে নির্মিত দুইতলা ভবনটি ২০২৩ সালে ডাক অধিদপ্তরের প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদার পরিদর্শন করে মেরামতের অযোগ্য ঘোষণা করেন। সে সময় নতুন ভবন নির্মাণের সুপারিশও করা হয়। কিন্তু নতুন ভবন নির্মাণের পরিবর্তে পুরোনো ভবন সংস্কারের জন্য টেন্ডার দেওয়া হলে স্থানীয়দের প্রতিবাদের মুখে কাজ বন্ধ হয়ে যায়। পরে ডাক অধিদপ্তরের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালকের নির্দেশে সংস্কার কার্যক্রম স্থগিত করা হয়।
পরবর্তীতে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে একটি আধুনিক ডিজিটাল পোস্ট অফিস ভবন নির্মাণের আশ্বাস দিলেও প্রায় তিন বছর পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
বর্তমানে ঝুঁকিপূর্ণ ভবনেই ডাক বিভাগের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণও চলছে। প্রতিদিন বিভিন্ন ব্যাচে প্রায় ২০ জন শিক্ষার্থী সেখানে প্রশিক্ষণ নিতে আসছেন, যা তাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে।
পোস্ট অফিসে সেবা নিতে আসা মারজান ও রুবেল বলেন, জীবনের ঝুঁকি নিয়েই ভবনের ভেতরে প্রবেশ করতে হচ্ছে। প্রতিবারই মনে হয়, কখন না কোনো দুর্ঘটনা ঘটে।
চরফ্যাশন উপজেলা পোস্টমাস্টার মো. আলমগীর বলেন, ভবনটি শতভাগ ব্যবহার অনুপযোগী। যেকোনো সময় ধসে পড়তে পারে। তারপরও জনসেবার স্বার্থে বাধ্য হয়ে এখানেই কার্যক্রম পরিচালনা করছি। বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি সাইদ জুলফিকার মাহমুদ নিয়াজ বলেন, ঝুঁকিপূর্ণ এই ভবন নিয়ে বহুবার সংবাদ প্রকাশিত হয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত নতুন পোস্ট অফিস ভবন নির্মাণ করা জরুরি।
স্থানীয়দের দাবি, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই ঝুঁকিপূর্ণ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নিরাপদ স্থানে ডাক বিভাগের কার্যক্রম স্থানান্তর এবং দ্রুত নতুন আধুনিক পোস্ট অফিস ভবন নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হোক।