পর্যায়ক্রমে সারা দেশে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে বাস্তবায়ন পরিকল্পনা চূড়ান্ত করতে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নির্ভুল তথ্যভাণ্ডার তৈরি এবং উপকারভোগী নির্বাচনে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২০ জুলাই) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির নির্বাচনি ইশতেহারে ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে ধাপে ধাপে দেশের সব অঞ্চলে কর্মসূচিটি সম্প্রসারণের রূপরেখা ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ডের সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে, সে জন্য একটি গ্রহণযোগ্য ও হালনাগাদ তথ্যভাণ্ডার গড়ে তুলতে হবে। পাশাপাশি তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
এ সময় কর্মসূচি বাস্তবায়নে আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। দ্রুত ও সুশৃঙ্খলভাবে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি জোরদারের নির্দেশনাও দেওয়া হয়।
বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।