দীর্ঘ বিরতির পর আবারও ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ‘বরবাদ’খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’-তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। কমেডি-থ্রিলার ঘরানার এই প্রজেক্টটি হবে হৃদয়ের ক্যারিয়ারের প্রথম ওয়েব ফিল্ম।
জানা গেছে, ‘লাপাত্তা’ নামের ওয়েব ফিল্মটি টানটান থ্রিলারের সঙ্গে হাস্যরসের সমন্বয়ে নির্মিত হবে। এতে নুসরাত ফারিয়ার পাশাপাশি অভিনয় করবেন শাহরিয়ার নাজিম জয় ও নাসির উদ্দিন খান। চলতি বছরের শেষ দিকে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ এটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
নির্মাতা মেহেদী হাসান হৃদয় বলেন, ওয়েব ফিল্মটি মূলত থ্রিলার ঘরানার হলেও এতে কমেডির দারুণ সব উপাদান থাকবে। ভিন্নধর্মী গল্প ও নতুন ধরনের উপস্থাপনায় একটি ভালো কাজ করার চেষ্টা করছি। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হবে। বর্তমানে শেষ পর্যায়ের প্রি-প্রোডাকশনের কাজ চলছে।
ওটিটিতে নুসরাত ফারিয়ার এটি নতুন নয়। ২০২১ সালে শিহাব শাহীন পরিচালিত ‘যদি কিন্তু তবুও’ ওয়েব ফিল্মের মাধ্যমে প্রথমবার ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেক হয় তাঁর। পরে ২০২৩ সালে তাঁর অভিনীত ‘পাতালঘর’ ওটিটিতে মুক্তি পেলেও সেটি মূলত বড় পর্দার জন্য নির্মিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর এবার ওটিটির জন্য নির্মিত নতুন কনটেন্টে ফিরছেন এই অভিনেত্রী।
সবশেষ নুসরাত ফারিয়াকে দেখা গেছে গত বছর মুক্তি পাওয়া ‘জ্বীন থ্রি’ সিনেমায়। কোরবানির ঈদ উপলক্ষে প্রকাশিত তাঁর গাওয়া ‘লোকে বলে’ গানটিও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
অন্যদিকে, ‘বরবাদ’ ও ‘রাক্ষস’-এর পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়েও প্রস্তুতি নিচ্ছেন মেহেদী হাসান হৃদয়। ইতোমধ্যে সেই সিনেমায় শাকিব খানের সঙ্গে তাঁর আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। বছরের শেষ দিকে নতুন সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে।