দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ে সক্রিয় থাকা জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার আবারও ব্যস্ত সময় পার করছেন নতুন একাধিক কাজ নিয়ে। ওয়েব ফিল্ম ও ধারাবাহিক নাটক—দুই মাধ্যমেই সমানতালে কাজ করছেন তিনি। চলতি মাসেই নতুন কয়েকটি প্রযোজনায় অংশ নিয়ে শুটিং করছেন এই অভিনেত্রী।
সম্প্রতি দীপা খন্দকার জাহিদ প্রীতম পরিচালিত ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এর শুটিংয়ে অংশ নিয়েছেন। পাশাপাশি মহিন খানের পরিচালনায় সাত পর্বের ধারাবাহিক নাটক ‘কর্মফল’-এর কাজও শুরু করেছেন। চলতি মাসে আরও কয়েকটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন তিনি।
বর্তমান ব্যস্ততা নিয়ে দীপা খন্দকার বলেন, ‘হ্যাপিলি ম্যারিড’-এর গল্পটি ভিন্নধর্মী। এতে এমন এক দম্পতির গল্প তুলে ধরা হয়েছে, যাদের বয়সের ব্যবধান প্রায় ১৮ থেকে ২০ বছর। নানা বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ থাকলেও তারা একসঙ্গে সুখে-শান্তিতে জীবন কাটানোর চেষ্টা করেন। অন্যদিকে বর্তমান প্রজন্মের অনেক দম্পতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সুখী হিসেবে তুলে ধরতে ব্যস্ত থাকলেও বাস্তবতা অনেক সময় ভিন্ন—এমন বিষয়ও উঠে এসেছে ওয়েব ফিল্মটিতে।
তিনি আরও বলেন, ‘গল্পটি খুবই বাস্তবধর্মী এবং দর্শকদের ভাবাবে। আশা করছি, কাজটি সবার ভালো লাগবে। আর ‘কর্মফল’ নাটক নিয়েও আমি আশাবাদী। মহিন খান নিজের লেখা গল্প নিজেই পরিচালনা করেন, তাই কাজের প্রতি তার যত্ন ও আন্তরিকতা সবসময়ই চোখে পড়ে।’
ওয়েব ও টেলিভিশন—দুই মাধ্যমেই সমানভাবে কাজ করে যাওয়া দীপা খন্দকারের নতুন এই প্রজেক্টগুলো দর্শকদের কাছে ভিন্ন স্বাদের গল্প উপহার দেবে বলেই প্রত্যাশা সংশ্লিষ্টদের।