নেত্রকোণার পূর্বধলায় বিএনপির সাবেক বর্ষীয়ান নেতা ও শ্যামগঞ্জের ছাত্ররাজনীতির কিংবদন্তি মরহুম ফকির হারুন আল হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে শ্যামগঞ্জ বাজারের গোহালাকান্দা ঈদগাহ মাঠে মরহুম ফকির হারুন আল হেলাল স্মৃতি পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্মরণসভায় সভাপতিত্ব করেন মরহুম ফকির হারুন আল হেলাল স্মৃতি পরিষদের আহ্বায়ক মো. আনোয়ার কাদির দুলাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ১১ নম্বর গোহালাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর (ময়মনসিংহ-৩) আসনের সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন তালুকদার।
প্রধান আলোচক ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক তিনবারের সাধারণ সম্পাদক ও সাবেক সহসভাপতি এবং নেত্রকোণা সরকারি কলেজের সাবেক ভিপি আলহাজ আবু তাহের তালুকদার।
এ সময় বক্তব্য দেন পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির ও সায়েদ আল মামুন শহীদ ফকির, গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব আলহাজ আবদুর রহমান বাবুল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস ছোবান সুলতান, পূর্বধলা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এম এ মনসুর খোকন আকন্দ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লবসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
বক্তারা মরহুম ফকির হারুন আল হেলালের রাজনৈতিক জীবন, সাংগঠনিক দক্ষতা ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শ্যামগঞ্জের ছাত্ররাজনীতিতে তিনি ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ, সততা ও কর্মনিষ্ঠা আগামী প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, ফকির হারুন আল হেলাল নেত্রকোণা জেলা বিএনপির সাবেক কৃষিবিষয়ক সম্পাদক ও সদস্য, জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক, পূর্বধলা উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক এবং পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানের শেষপর্বে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।