জাতীয় বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)-এর উদ্যোগে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ হাজার ১০০ পরিবারের মাঝে খাদ্য ও ওষুধ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটি জেলায় পরিচালিত সংস্থাটির ২৭টি শাখার মধ্যে ক্ষতিগ্রস্ত ১৫টি শাখার সুবিধাভোগী সদস্যদের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণের আওতাভুক্ত শাখাগুলোর মধ্যে রয়েছে পটিয়া, কর্ণফুলী, বোয়ালখালী, চন্দনাইশ, দোহাজারী, কেরানীরহাট, সাতকানিয়া, মুরাদপুর, পাহাড়তলী, অক্সিজেন, চৌধুরীহাট, নোয়াপাড়া, রাউজান, চশরিয়া ও রাণীরহাট।
বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, বিশুদ্ধ পানি, সাবান, খাবার স্যালাইন এবং প্রয়োজনীয় ওষুধ।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির উপ-সহকারী পরিচালক মো. আবদুল জলিল। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জোনের ম্যানেজার মো. সাদেকুল ইসলাম, কক্সবাজার জোনাল ম্যানেজার মো. আনোয়ারুল ইসলাম, সাব-জোনাল ম্যানেজার মো. রাসেল আহমেদ,সায়েম হাওলাদার,ইশবাল আহমেদ,ময়েন উদ্দিন ফারুখ, সিনিয়র কমপ্লায়েন্স অফিসার মো.জাকির হোসেন,জুয়েল রানা, কর্ণফুলী শাখা ব্যবস্থাপক আবদুল রাজ্জাক মোড়লসহ বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুল জলিল বলেন, বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) সবসময় দুর্যোগে মানুষের পাশে থাকার চেষ্টা করে। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩ হাজার ১০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি তিনি সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।