দীর্ঘ অপেক্ষার অবসান। আবারও অভিনয়ে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। কয়েক বছর পর নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের এই কাজে নতুন চরিত্রে দেখা যাবে তাকে।
একসময় একক ও ধারাবাহিক—দুই ধরনের নাটকেই সমান জনপ্রিয় ছিলেন সুমাইয়া শিমু। অভিনয় দক্ষতায় দর্শকের প্রশংসা কুড়ানো এই অভিনেত্রী ব্যক্তিগত ব্যস্ততার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন। তবে এরই মধ্যে নুহাশ হুমায়ূনের ‘২ষ’ অ্যান্থলজি সিরিজের ‘বেসুরা’ পর্ব দিয়ে পর্দায় ফিরেছিলেন তিনি।
তখনই জানিয়েছিলেন, ভালো গল্প ও পছন্দের চরিত্র পেলে নিয়মিত অভিনয়ে ফেরার আগ্রহ রয়েছে তার। সেই ধারাবাহিকতায় এবার ‘ফিরে আসার গল্প’ নাটকে ‘রুকাইয়া’ চরিত্রে দেখা যাবে শিমুকে।
নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে সুমাইয়া শিমুর প্রথম লুক প্রকাশ করে। তবে নাটকটি কিংবা নিজের চরিত্র সম্পর্কে এখনই বিস্তারিত কিছু বলতে রাজি নন অভিনেত্রী।
সম্প্রতি রাজ নির্মিত ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ দর্শকমহলে সাড়া ফেলেছিল।
সেই সফলতার ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে ‘ফিরে আসার গল্প’। বর্তমানে নাটকটির শুটিংয়ের প্রস্তুতি চলছে। আগামী মাস থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। নাটকের অন্য অভিনয়শিল্পীদের নামও পর্যায়ক্রমে প্রকাশ করবেন নির্মাতা।
উল্লেখ্য, সুমাইয়া শিমুর অভিনয় জীবনে রয়েছে একাধিক জনপ্রিয় ধারাবাহিক নাটক।
এর মধ্যে ‘হাউসফুল’, ‘এফএনএফ’, ‘ললিতা’, ‘বিহাইন্ড দ্য সিন’ এবং ‘ফাঁদ ও বগার গল্প’ বিশেষভাবে দর্শকপ্রিয়।