বাংলাদেশে জুলাইয়ের যে ঐক্য গড়ে উঠেছিল, তা সর্বপ্রথম ভেঙেছে বিএনপি। একই সঙ্গে জুলাইয়ের চেতনাকেও প্রথম বিকৃত করেছে দলটি। এমনকি শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে যদি কেউ গাদ্দারি করে থাকে, সেটিও প্রথম করেছে বিএনপি—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে দিনাজপুরের হিলি পৌর শহরের খাদ্যগুদাম মোড়ে আয়োজিত ‘জুলাই গড়তে পদযাত্রা’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জানা গেছে, কর্মসূচিটির আয়োজন করে এনসিপির হাকিমপুর উপজেলা শাখা।
বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি যদি নিজেদের অবস্থান সংশোধন করে, তাহলে বাংলাদেশে আবারও জুলাইয়ের চেতনা ও ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে ওঠা সম্ভব।
তবে তিনি সতর্ক করে বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার কারণে যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই চলছে, বিএনপিও যদি একই ধরনের রাজনৈতিক আচরণ করে, তাহলে ভবিষ্যতেও তাদের বিরুদ্ধেও শক্ত অবস্থান নেওয়া হবে।
এনসিপির এ পদযাত্রা আয়োজন করা হয় গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত সুরক্ষাসহ বিভিন্ন দাবিতে।