মেসি-ইয়ামালের ভাইরাল ছবি আবার প্রকাশ করল ইউনিসেফ, বিশ্বকাপ ফাইনালের আগে নতুন আলোচনায়
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মহারণের আগে আবারও আলোচনায় উঠে এসেছে লিওনেল মেসি ও লামিন ইয়ামালের সেই বহুল আলোচিত ছবি। প্রায় ১৯ বছর আগের ছবিটি নতুন করে প্রকাশ করেছে ইউনিসেফ। ছবিতে দেখা যায়, বাথটাবে বসা ছয় মাস বয়সী শিশু ইয়ামালকে হাসিমুখে গোসল করিয়ে দিচ্ছেন তরুণ মেসি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি ও বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালের এই পুরোনো ছবি নতুন করে ভাইরাল হয়। অনেকেই ছবিটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বা সম্পাদিত বলে দাবি করেন। তবে ইউনিসেফ স্পষ্টভাবে জানিয়েছে, ছবিটি কোনোভাবেই এআই-নির্মিত বা কাল্পনিক নয়; এটি সম্পূর্ণ বাস্তব।
ছবিটি তোলা হয়েছিল ২০০৭ সালে। স্প্যানিশ দৈনিক স্পোর্ত এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে একটি দাতব্য ক্যালেন্ডারের ফটোশুটে বার্সেলোনার ফুটবলারদের সঙ্গে শিশুদের অংশগ্রহণে এই আয়োজন করা হয়। সেই ফটোশুটে মাত্র ছয় মাস বয়সী ইয়ামালের সঙ্গে জুটি বাঁধেন মেসি। ছবিগুলো ধারণ করেন আলোকচিত্রী হোয়ান মনফোর্ত।

বিশ্বকাপ ফাইনালের মাত্র দুই দিন আগে ইউনিসেফ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ছবিটি আবার প্রকাশ করে। ক্যাপশনে সংস্থাটি জানায়, প্রায় ১৯ বছর আগে ছোট্ট ইয়ামাল ও তার মা শেইলা ইউনিসেফের একটি তহবিল সংগ্রহের ফটোশুটে মেসির সঙ্গে অংশ নিয়েছিলেন। একই সঙ্গে ভাইরাল হওয়া ছবিগুলো যে সম্পূর্ণ আসল, সেটিও নিশ্চিত করে সংস্থাটি।
শুধু ছবির স্মৃতিই নয়, দুই ফুটবলারের বর্তমান পরিচয়ও তুলে ধরেছে ইউনিসেফ। সংস্থাটি জানায়, আজ মেসি ও ইয়ামাল মাঠের পারফরম্যান্স দিয়ে কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করছেন। মাঠের বাইরেও দুজনই ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে বিশ্বের শিশুদের অধিকার, সুরক্ষা ও কল্যাণে কাজ করছেন।
ছবিটি প্রথম ব্যাপক আলোচনায় আসে ২০২৪ সালে। কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ইয়ামালের বাবা মুনির নাসরাউই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশ করেন। তখন তিনি ক্যাপশনে লিখেছিলেন, ‘দুই কিংবদন্তির শুরু।’
এবার সেই ছবির দুই চরিত্রই বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে মুখোমুখি। একদিকে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা, অন্যদিকে দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে লড়বে লামিন ইয়ামালের স্পেন। ফলে প্রায় দুই দশক আগের একটি আবেগঘন মুহূর্ত বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ম্যাচের আগে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।