মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একই সঙ্গে এসব পণ্যের বিপণন বন্ধ করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া ভোক্তাদেরও এসব খাদ্যপণ্য ক্রয় বা গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বিএফএসএর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষায় মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের প্রমাণ পাওয়ায় তিনটি প্রতিষ্ঠানের নির্দিষ্ট খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ পাওয়া খাদ্যপণ্যগুলো হলো—
ইষ্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’।
ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’।
আরবোটিং ফুড কোং লিমিটেডের ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’।
বিএফএসএ জানায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে এসব পণ্য বাজার থেকে প্রত্যাহার করে বিক্রি ও বিপণন বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে সাধারণ ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে উল্লিখিত খাদ্যপণ্যগুলো ক্রয় বা গ্রহণ না করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।