রাজধানীর বসুন্ধরা, গুলশান, বনানী ও বারিধারার মতো অভিজাত আবাসিক এলাকাগুলোতে দেশের শিক্ষিত ও সচ্ছল মানুষের বসবাস উল্লেখ করে পরিচ্ছন্ন নগর গড়তে তাদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৫ জুলাই) রাজধানীর গুলশানে নগর ভবনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আয়োজিত ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা: আমার আপনার সকলের দায়িত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, বনানী, গুলশান, বারিধারা, বসুন্ধরাসহ নতুন গড়ে ওঠা আবাসিক এলাকাগুলোতে মূলত শিক্ষিত ও সচ্ছল নাগরিকদের বসবাস। তাদের সামান্য সচেতনতা ও সমন্বিত উদ্যোগই ঢাকাকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে পারে।
তিনি বলেন, পরিচ্ছন্নতা কেবল সিটি কর্পোরেশনের দায়িত্ব নয়, এটি নাগরিকদেরও সামাজিক দায়িত্ব। সম্মিলিতভাবে সচেতনতা সৃষ্টি করা গেলে একটি সামাজিক আন্দোলনের মাধ্যমে নগর পরিচ্ছন্ন রাখা সম্ভব।
শিশুদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে মির্জা ফখরুল বলেন, প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন পর্যায় থেকেই শিক্ষার্থীদের শেখাতে হবে—নিজের চারপাশ, স্কুল ও শহর পরিষ্কার রাখা প্রত্যেকের দায়িত্ব।
প্রযুক্তিনির্ভর নাগরিক সচেতনতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সড়কে ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ফলে মানুষ এখন আগের তুলনায় বেশি ট্রাফিক আইন মেনে চলছে। নিয়ম ভাঙলে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা হওয়ার বিষয়টি মানুষের মধ্যে আইন মানার প্রবণতা ও নাগরিক দায়িত্ববোধ বাড়াতে সহায়ক হচ্ছে।
সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।