বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা নেওয়া এবং ভুল প্রশ্নের অভিযোগে ক্ষুব্ধ একদল শিক্ষার্থী শিক্ষা ভবনের সামনে প্রায় দেড় ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন শেষে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। সন্ধ্যা ৬টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করলে ওই এলাকা দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে শাহবাগসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ জুলাই) দুপুরে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে সেখান থেকে তারা সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেন। শিক্ষা ভবনের সামনে সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন শেষে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন। এরপর তারা শাহবাগে গিয়ে নতুন করে অবরোধ কর্মসূচি শুরু করেন।
শিক্ষার্থীদের অবরোধে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে মৎস্য ভবন, বাংলামোটর, কাকরাইল, টিএসসি এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসংলগ্ন সড়কগুলোতে। দীর্ঘ যানজটে আটকা পড়েন অফিসফেরত যাত্রী, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও সাধারণ মানুষ। অনেকে যানজট এড়িয়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।
যানজটে আটকে থাকা একাধিক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, দিনের বিভিন্ন সময়ে সড়ক অবরোধের কারণে রাজধানীজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। একই সঙ্গে তারা দ্রুত সংকট সমাধানে সরকার ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন।