গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে পরীক্ষায় ধরা পড়া নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছর হাম ও উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৭৭১ শিশুর। এর মধ্যে নিশ্চিত হামে ৯৫ ও উপসর্গ নিয়ে ৬৭৬ জন মারা গেছে।
বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। হিসেবটি করা হয়েছে আজ সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ১৭২ রোগী শনাক্ত হয়েছে। আর মোট শনাক্ত রোগী ১৩ হাজার ৯০৭।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, এই সময়ে নতুন করে ৯২০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৪ হাজার ১৬৪ জন বলে জানিয়ে সংস্থাটি।