উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি

বাসস

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবসমাজকে যুগোপযোগী জ্ঞান-বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে

2026-07-14T19:40:10+00:00
2026-07-14T19:40:10+00:00
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৫ জুলাই ২০২৬
জাতীয়
উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি
বাসস
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৭:৪০ পিএম 
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবসমাজকে যুগোপযোগী জ্ঞান-বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তোলার কোনো বিকল্প নেই।

‘বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৬’ উপলক্ষে মঙ্গলবার (১৪ জুলাই) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জাতিসংঘের আহ্বানে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৬’ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। এই উপলক্ষে আমি দেশের সকল তরুণ-তরুণী, শিক্ষক, প্রশিক্ষক, উদ্যোক্তা, উদ্ভাবক এবং দক্ষতা উন্নয়নের সাথে সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’

রাষ্ট্রপতি বলেন, যুবসমাজ একটি জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক এবং উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। তাই তাদের আধুনিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে।

তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এ যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনের ফলে বৈশ্বিক শ্রমবাজার প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এ প্রেক্ষাপটে ই-কমার্স, ক্লাউড কম্পিউটিং, রোবোটিক্স, ব্লকচেইন, ইন্টারনেট অব থিংস (আইওটি), সাইবার সিকিউরিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ন্যানোপ্রযুক্তিসহ ডিজিটাল প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে দক্ষ জনশক্তি গড়ে তোলা এখন সময়ের দাবি।

রাষ্ট্রপতি বলেন, প্রযুক্তিনির্ভর জ্ঞান ও প্রশিক্ষণের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশি-বিদেশি শ্রমবাজারের উপযোগী দক্ষ কর্মী, উদ্যোক্তা ও উদ্ভাবক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বর্তমান উন্নয়নমুখী সরকার তরুণ ও যুবসমাজের দক্ষতা উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমকে সমন্বিত, মানসম্মত এবং ভবিষ্যতমুখী কাঠামোর আওতায় আনা হয়েছে।

মো. সাহাবুদ্দিন বলেন, কারিকুলাম প্রণয়ন, প্রশিক্ষণ প্রতিষ্ঠানের নিবন্ধন, জাতীয় দক্ষতা সনদ প্রদান এবং মানোন্নয়ন ও মান তদারকি ব্যবস্থাকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করা হয়েছে।

তিনি বলেন, ‘আমি আশা করি, যুব সমাজের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সম্প্রসারণ, আন্তর্জাতিক মানসম্পন্ন সনদায়নসহ সরকারের নেয়া উদ্যোগগুলো দেশ-বিদেশের শ্রমবাজারের উপযোগী মানবসম্পদ ও উদ্যোক্তা তৈরিতে কাঙ্ক্ষিত অবদান রাখতে সক্ষম হবে।’

রাষ্ট্রপতি বলেন, দক্ষতা উন্নয়ন সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী এবং শিল্প-বাণিজ্যসহ সব খাতের অংশীজনের সমন্বিত প্রচেষ্টায় একটি দক্ষতাভিত্তিক কর্মসংস্কৃতি গড়ে তুলতে হবে। একইসঙ্গে তরুণ সমাজকে দক্ষতা অর্জনে আরও উদ্বুদ্ধ করতে হবে।

তিনি ‘বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।


  বিষয়:   উন্নত বাংলাদেশ গড়তে  দক্ষ যুবসমাজ  রাষ্ট্রপতি 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: