বিশ্বকাপ ফুটবল ঘিরে বাংলাদেশে শুরু হয়েছে উৎসবের আমেজ। সাধারণ দর্শকদের মতো দেশের শোবিজ অঙ্গনের তারকারাও প্রিয় দল নিয়ে সরব। কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, আবার কেউ সমর্থন করছেন স্পেনের মতো ইউরোপীয় দলকে। তারকাদের বিশ্বকাপ উন্মাদনার গল্প প্রায়শই ভক্তদের মাঝে দারুণ আলোড়ন তোলে।
ব্রাজিলের সমর্থক হিসেবে পরিচিত অভিনয়শিল্পী মোশাররফ করিম, জয়া আহসান, জিয়াউল ফারুক অপূর্ব, আফরান নিশো, আসিফ আকবর, অপু বিশ্বাস, শবনম বুবলী ও বিদ্যা সিনহা মিম। অপূর্ব বলেন, ব্রাজিলের খেলায় আলাদা ছন্দ রয়েছে, যা তাকে সবসময় মুগ্ধ করে। অন্যদিকে মিম জানান, ছোটবেলা থেকেই পেলের দেশের ফুটবলের প্রতি তার দুর্বলতা রয়েছে এবং এবারের বিশ্বকাপেও তিনি ব্রাজিলের ভালো ফলের প্রত্যাশা করছেন।
আর্জেন্টিনার সমর্থকদের তালিকায় রয়েছেন জাহিদ হাসান, রাফিয়াথ রশীদ মিথিলা, পরীমনি, চঞ্চল চৌধুরী, মেহজাবীন চৌধুরী, আব্দুন নূর সজল, মামনুন ইমন, পূজা চেরী, খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, জায়েদ খান ও তানজিকা আমিনসহ আরও অনেকে।
চঞ্চল চৌধুরী জানান, ছোটবেলা থেকেই আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসা। সেই সমর্থন এখন তার পরিবারের মধ্যেও ছড়িয়ে পড়েছে। অভিনেতা সজল বলেন, কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার কারণেই তার আর্জেন্টিনার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। আর মিথিলা জানান, ম্যারাডোনা ও লিওনেল মেসির ফুটবল তাকে সবসময় মুগ্ধ করেছে।
তবে ব্রাজিল-আর্জেন্টিনার বাইরে ব্যতিক্রমও রয়েছে। অভিনেতা সিয়াম আহমেদের প্রিয় দল স্পেন। তার ভাষ্য, স্পেনের ছন্দময় ও নান্দনিক ফুটবলই তাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে।
বিশ্বকাপে প্রিয় দল নিয়ে মতভেদ থাকলেও একটি বিষয়ে একমত দেশের শোবিজ তারকারা—ফুটবল যেন উপহার দেয় রোমাঞ্চকর লড়াই, স্মরণীয় মুহূর্ত এবং দর্শকদের জন্য নির্মল আনন্দ।