তামিল সুপারস্টার বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়াগন’ মুক্তির আগেই দর্শকদের ব্যাপক সাড়া ফেলেছে । বিশেষ করে যুক্তরাষ্ট্রে অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার প্রথম ঘণ্টাতেই হাজার হাজার টিকিট বিক্রি হওয়ায় ছবিটিকে ঘিরে ভক্তদের উন্মাদনা আরও স্পষ্ট হয়েছে।
অভিনেতা থেকে রাজনীতিক হওয়া বিজয়ের এই ছবিকে ঘিরে ভক্তদের আগ্রহের প্রতিফলন দেখা গেছে অগ্রিম টিকিট বিক্রিতেই।
আগামী ২৪ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘জন নায়াগন’। এর আগে ছবিটি ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র প্রশংসাপত্র বোর্ড (সিবিএফসি) থেকে প্রদর্শনের অনুমতি পেয়েছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। দেশটিতে ছবিটির পরিবেশক আহিমসা এন্টারটেইনমেন্ট জানিয়েছে, সিনেওয়ার্ল্ডের মাধ্যমে দর্শকরা এখন টিকিট সংগ্রহ করতে পারছেন এবং যুক্তরাষ্ট্রজুড়ে বিপুলসংখ্যক প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হবে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, টিকিট বিক্রি শুরুর প্রথম ঘণ্টাতেই হাজার হাজার টিকিট বিক্রি হয়েছে। পরিবেশকদের দাবি, বিজয়ের শেষ অভিনীত সিনেমা হিসেবে ‘জন নায়াগন’কে ঘিরে দর্শকদের আগ্রহ প্রত্যাশার চেয়েও বেশি।
রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণা দেওয়ার পর এটিই বিজয়ের শেষ সিনেমা বলে মনে করা হচ্ছে। ফলে দেশ-বিদেশে তার ভক্তদের কাছে ছবিটির গুরুত্ব আরও বেড়েছে। অগ্রিম টিকিট বিক্রির এই সাফল্য মুক্তির পর বক্স অফিসেও বড় ধরনের সাড়া ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।