বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। সেপ্টেম্বরে বসতে যাওয়া ৮৩তম আসরে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা। রুবাইয়াত হোসেন নির্মিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ উৎসবের অন্যতম প্রতিযোগিতা বিভাগ ‘হরাইজনস’-এ লড়বে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ভেনিস চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ এবারের নির্বাচিত সিনেমাগুলোর তালিকা প্রকাশ করে। সেখানেই উঠে আসে বাংলাদেশের এই সিনেমার নাম। ‘হরাইজনস’ বিভাগে আরও ১৮টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এ বিভাগ থেকে জুরি সদস্যরা সেরা সিনেমা নির্বাচন করবেন।
বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিনেমাটির অন্যতম অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি লিখেছেন, “বাংলাদেশের চলচ্চিত্রের জন্য কী অসাধারণ এক মুহূর্ত! পুরো টিমের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। ভেনিস উৎসবের মতো আয়োজনের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়া যেকোনো নির্মাতার জন্যই বড় অর্জন, একই সঙ্গে বাংলাদেশের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”
বাঁধন জানান, সিনেমাটিতে তিনি অতিথি চরিত্রে অভিনয় করেছেন। এরপরও এমন একটি ঐতিহাসিক যাত্রার অংশ হতে পেরে তিনি গর্বিত ও সম্মানিত।
নির্মাতা রুবাইয়াত হোসেন জানান, ভেনিস উৎসবে সিনেমাটি পাঠানোর কিছুদিন পর আয়োজকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছিলেন। তখনই নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। এবার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নিশ্চিত হলো, ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ হরাইজনস বিভাগে প্রতিযোগিতা করবে।
ভেনিস উৎসবের ‘হরাইজনস’ বিভাগটি মূলত নতুন প্রজন্মের নির্মাতা ও নতুন ধরনের চলচ্চিত্র ভাবনার জন্য পরিচিত। চলচ্চিত্রে নতুন ভাষা, ভিন্ন গল্প বলার ধরন ও সৃজনশীল উপস্থাপনাকে এই বিভাগে গুরুত্ব দেওয়া হয়। সে বিবেচনায় রুবাইয়াত হোসেনের সিনেমার এই অর্জন বিশেষ তাৎপর্যপূর্ণ।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম। তার সঙ্গে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। এছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারীসহ আরও অনেকে।