ভারতে প্রশ্নফাঁসবিরোধী শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। একই সঙ্গে তিনি আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার বা ‘হাইজ্যাক’ না করার আহ্বান জানিয়ে বলেছেন, এটি শিক্ষার্থী ও দেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ ইস্যু।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ইনস্টাগ্রামে নিজের স্কুলজীবনের একটি পুরোনো ছবি শেয়ার করে সালমান খান লেখেন, প্রশ্নফাঁস অত্যন্ত গুরুতর সমস্যা। এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার সঙ্গে জড়িত। তাই এ আন্দোলনের কৃতিত্ব শিক্ষার্থীদেরই প্রাপ্য এবং এটিকে রাজনৈতিক রূপ দেওয়া উচিত নয়।
তিনি শিক্ষার্থীদের সাহসিকতার প্রশংসা করে আশা প্রকাশ করেন, সরকার তাদের দাবির প্রতি ইতিবাচক সাড়া দেবে এবং দেশের শিক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলবে। এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে উঠুক, যেখানে বিদেশ থেকেও শিক্ষার্থীরা ভারতে পড়তে আগ্রহী হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন এই অভিনেতা।
এর আগে দিল্লিকেন্দ্রিক চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউডের আরও কয়েকজন পরিচিত মুখ। ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখ শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানিয়েছেন।
ভারতের রাজধানী দিল্লিতে ‘কাকরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর নেতৃত্বে চলমান এই আন্দোলনকে ঘিরে দেশটির রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। এতে বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও ধারাবাহিকভাবে নিজেদের অবস্থান তুলে ধরছেন।