১৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পল্লীবন্ধু হুসাইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের আহ্বান জানানো হয়েছে।
সোমবার (১৩ জুলাই) জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মইনুর রাব্বি চৌধুরী এক বিবৃতিতে দলের মহানগর, জেলা, উপজেলা, পৌরসভাসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিজ নিজ ইউনিটে স্মরণসভা, মিলাদ মাহফিল, পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল এবং তার কর্মময় জীবনের ওপর আলোচনা সভার আয়োজন করার আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, পল্লীবন্ধু হুসাইন মুহম্মদ এরশাদ ছিলেন বাংলাদেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও জনকল্যাণমুখী রাজনীতির এক অনন্য ব্যক্তিত্ব। তার শাসনামলে দেশের অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং গ্রামীণ জনপদের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়।
তিনি আরও বলেন, এরশাদের আমলে দেশের বিভিন্ন অঞ্চলে অসংখ্য সেতু, সড়ক, কালভার্ট ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মিত হয়। উপজেলা ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে প্রশাসন ও উন্নয়নের দ্বার উন্মোচিত হয়। কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থার সম্প্রসারণ, গ্রামীণ বিদ্যুতায়ন, মসজিদভিত্তিক সমাজকল্যাণ কর্মসূচি এবং ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় তাঁর অবদান আজও জনগণের কাছে স্মরণীয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, পল্লীবন্ধুর উন্নয়ন দর্শনের মূল লক্ষ্য ছিল শহর ও গ্রামের বৈষম্য দূর করে সমগ্র বাংলাদেশকে সমানভাবে এগিয়ে নেওয়া। দেশের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে তাঁর অবদান জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
ইঞ্জিনিয়ার মইনুর রাব্বি চৌধুরী সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাযথ মর্যাদায় মৃত্যুবার্ষিকীর কর্মসূচি সফল করার পাশাপাশি মরহুম পল্লীবন্ধু হুসাইন মুহম্মদ এরশাদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও বর্তমান সময়ের সাহসী নেতৃত্বের প্রতীক, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করার আহ্বান জানান।