চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ এলাকায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল আলম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল আলম ভূজপুর ইউনিয়নের আছিয়া চা বাগান এলাকার বাসিন্দা মানু মিয়ার ছেলে। তিনি দৈনিক মজুরির ভিত্তিতে গাছ কাটার কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পূর্ব ফরহাদাবাদ এলাকায় একটি গাছ কাটার সময় বৃষ্টির কারণে গাছের একটি ডাল পাশের বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। এতে গাছে বিদ্যুৎ প্রবাহিত হলে জামাল আলম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. কামরুল হাসান জানান, হাসপাতালে আনার আগেই জামাল আলমের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ নিহতের বাবা-মা, স্ত্রী ও অন্যান্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।