বিশ্বকাপের সেমিফাইনালকে সামনে রেখে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে। সাম্প্রতিক পারফরম্যান্স, দলীয় ভারসাম্য এবং পরিসংখ্যানের বিচারে অনেক বিশ্লেষকই ইংল্যান্ডকে কিছুটা এগিয়ে রাখছেন। তবে নকআউটের এই মহারণে শেষ পর্যন্ত কারা ফাইনালের টিকিট নিশ্চিত করবে, সেদিকেই এখন ফুটবলপ্রেমীদের চোখ।
তবে ম্যাচ শুরুর আগেই আলোচনায় উঠে এসেছে দুই দলের শারীরিক অবস্থা। নকআউট পর্বে বেশি সময় মাঠে কাটানো এবং তুলনামূলক কম বিশ্রাম পাওয়ায় লিওনেল স্কালোনির দলের ওপর চাপটা ইংল্যান্ডের চেয়ে অনেক বেশি।
দ্য অ্যাথলেটিক, রয়টার্স এবং আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস-এর বিশ্লেষণ অনুযায়ী, শেষ চারের আগে শারীরিক দিক থেকে ইংল্যান্ড কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে।
কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে হারাতে ইংল্যান্ডকে অতিরিক্ত সময় খেলতে হলেও, সেটিই ছিল চলতি বিশ্বকাপে তাদের প্রথম ১২০ মিনিটের ম্যাচ। অন্যদিকে আর্জেন্টিনাকে শেষ ষোলোতে কেপ ভার্দে এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে টানা দুটি নকআউট ম্যাচেই অতিরিক্ত সময় খেলতে হয়েছে।
ফলে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজদের মতো নিয়মিত খেলোয়াড়দের মাঠে কাটানো সময় ইংল্যান্ডের ফুটবলারদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এর সঙ্গে যোগ হয়েছে বিশ্রামের ব্যবধান। আর্জেন্টিনার আগে কোয়ার্টার ফাইনাল শেষ করায় থমাস টুখেলের দল সেমিফাইনালের আগে কয়েক ঘণ্টা বেশি রিকভারির সুযোগ পেয়েছে।
আন্তর্জাতিক ক্রীড়া বিজ্ঞানীরা মনে করেন, নকআউট পর্বে ম্যাচের মধ্যবর্তী বিশ্রামের সময় কমে গেলে তা খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা, দৌড়ানোর তীব্রতা এবং ম্যাচের শেষ ভাগে পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে। ইনজুরির ঝুঁকিও বেড়ে যায়।
তবে ভ্রমণের হিসাবে চিত্রটি ভিন্ন। দ্য অ্যাথলেটিক-এর তথ্য অনুযায়ী, চলতি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে সবচেয়ে বেশি ভ্রমণ করেছে ইংল্যান্ড। টুর্নামেন্টজুড়ে হ্যারি কেইনদের প্রায় ১৭ হাজার ৫০০ কিলোমিটার আকাশপথে ভ্রমণ করতে হয়েছে, যা শারীরিক ক্লান্তির আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান।
তবু ম্যাচের মিনিট ও বিশ্রামের হিসাব বিবেচনায় সেমিফাইনালের আগে তুলনামূলক বেশি ক্লান্ত দল হিসেবে আর্জেন্টিনাকেই দেখা হচ্ছে। এখন দেখার বিষয়, এই অতিরিক্ত ধকল মাঠের পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলে, নাকি বড় ম্যাচের অভিজ্ঞতা দিয়ে সেই ঘাটতি পুষিয়ে দিতে পারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।