২০৩০ বিশ্বকাপকে আরও আকর্ষণীয় ও দর্শকবান্ধব করতে নতুন চমকের আভাস দিয়েছেন ফিফা সভাপতি। টুর্নামেন্টের কাঠামো, আয়োজন কিংবা নতুন কোনো উদ্যোগ নিয়ে ইতোমধ্যে আলোচনা চলছে বলে তিনি ইঙ্গিত দেন। তার এ বক্তব্যের পর বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক কৌতূহল ও জল্পনা-কল্পনা।
২০২৬ বিশ্বকাপের পর পুরুষদের ফিফা বিশ্বকাপ ৬৪ দলে সম্প্রসারণের বিষয়টি নিয়ে আলোচনা করবে ফিফা। এমন কথা জানিয়েছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেন, বিশ্বের প্রতিটি দেশেরই ফুটবলের সবচেয়ে বড় আসরে খেলার স্বপ্ন দেখার সুযোগ থাকা উচিত। খবর ইএসপিএন’র।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপই প্রথম আসর যেখানে ৩২ দলের পরিবর্তে ৪৮টি দল অংশ নিয়েছে। তবে ভবিষ্যতে দলসংখ্যা আরও বাড়ানো হতে পারে।
সুইস সম্প্রচারমাধ্যম ব্লু স্পোর্টকে ৬৪ দলের বিশ্বকাপের সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে ফিফা সভাপতি বলেন, এটি অবশ্যই এমন একটি বিষয়, যা এই বিশ্বকাপের পর সংশ্লিষ্ট কমিটিগুলোতে পর্যালোচনা ও আলোচনা করা হবে।
তিনি বলেন, আপনি যখন একটি বিশ্বকাপ আয়োজন করেন, তখন গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটি পুরো বিশ্বের জন্য আয়োজন করা। এটি শুধু ইউরোপ ও দক্ষিণ আমেরিকার জন্য নয়, বরং কার্যত পুরো বিশ্বের জন্য। বিশ্বের প্রতিটি দেশেরই বিশ্বকাপে অংশ নেয়ার স্বপ্ন দেখার সুযোগ থাকা উচিত।
ইনফান্তিনো বলেন, আমরা দেখতে পাচ্ছি, দলগুলোর মান অত্যন্ত উচ্চ এবং বিশ্বের সর্বত্রই তা আরও উন্নত হচ্ছে। যদি আপনি ছোট দেশগুলোকে বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ না দেন, তাহলে তাদের উন্নতি করে যাওয়ার প্রেরণাও কমে যাবে।
৬৪ দলের বিশ্বকাপের সম্ভাবনা প্রথম সামনে আসে ২০২৫ সালের মার্চ মাসে, যখন দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন কনমেবল প্রতিযোগিতাটির শতবর্ষ উপলক্ষে ২০৩০ বিশ্বকাপ ৬৪ দলে আয়োজনের প্রস্তাব দেয়।
সেপ্টেম্বরে ইনফান্তিনো নিউইয়র্কে কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেজ, আর্জেন্টিনা ও উরুগুয়ের ফুটবল ফেডারেশনের সভাপতিদের পাশাপাশি প্যারাগুয়ে ও উরুগুয়ের প্রেসিডেন্টদের সঙ্গে এ প্রস্তাব নিয়ে বৈঠক করেন।
সে সময় ডোমিঙ্গেজ বলেন, আমরা একটি ঐতিহাসিক ২০৩০ বিশ্বকাপে বিশ্বাস করি। আমরা ঐক্য, সৃজনশীলতা এবং বড় স্বপ্ন দেখার আহ্বান জানাতে চাই। কারণ ফুটবল যখন সবার মধ্যে ভাগাভাগি হয়, তখন উদ্যাপনও সত্যিকার অর্থে বৈশ্বিক হয়ে ওঠে।
২০২৫ সালের এপ্রিল মাসে কনকাকাফ সভাপতি ভিক্টর মন্টাগলিয়ানি ইএসপিএনকে বলেন, আমি মনে করি না, পুরুষদের বিশ্বকাপ ৬৪ দলে সম্প্রসারণ করা টুর্নামেন্টের জন্য কিংবা জাতীয় দল, ক্লাব প্রতিযোগিতা, লিগ ও খেলোয়াড়সহ সামগ্রিক ফুটবল ব্যবস্থার জন্য সঠিক পদক্ষেপ হবে।
অনুমোদন পেলে ৬৪ দলের বিশ্বকাপে মোট ১২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা ১৯৯৮ থেকে ২০২২ পর্যন্ত ব্যবহৃত ৩২ দলের ফরম্যাটের দ্বিগুণ। এ বছরের টুর্নামেন্টে অনুষ্ঠিত হচ্ছে ১০৪টি ম্যাচ।
উয়েফা সভাপতি আলেকসান্দার চেফেরিন এর আগে এই প্রস্তাবকে ‘একটি বাজে আইডিয়া’ বলে মন্তব্য করেছিলেন।